চট্টগ্রাম মহানগর ও জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর কঠোর নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের টহল কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ নভেম্বর দিবাগত রাতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় মহানগর ও বিভিন্ন উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালনা করেন।
মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চকবাজার এলাকার গণি বেকারী, চট্টেশ্বরী রোড, গুলজার টাওয়ার, চকবাজার মোড় ও কাপাসগোলা এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ-এর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। একই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ২ নম্বর গেট, প্রবর্তক মোড়, মুরাদপুর পুলিশ বক্স, মা ও শিশু হাসপাতাল এবং জিইসি মোড় এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন-এর নেতৃত্বে টহল কার্যক্রম চলে। এ ছাড়া প্রবর্তক মোড়, ২ নম্বর গেট, ষোলশহর, মুরাদপুর ও জিইসি মোড় এলাকায় পৃথকভাবে আরও একটি টহল দল দায়িত্ব পালন করে এবং সার্বিকভাবে মহানগরীর পরিস্থিতি স্বাভাবিক পাওয়া যায়।
মহানগরের পাশাপাশি জেলা প্রশাসকের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলাতেও একযোগে টহল পরিচালিত হয়। এর মধ্যে কর্ণফুলী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিদয়ানুল ইসলাম-এর নেতৃত্বে সার্কেল এএসপি ও ওসিসহ এবং মীরসরাই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে ওসিসহ টহল দেওয়া হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বির নেতৃত্বে ওসিসহ এবং হাটহাজারীতে সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে ব্যাটালিয়ন আনসার বাহিনীর সহায়তায় টহল কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া রাউজানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাতুল ইসলাম-এর নেতৃত্বে এবং সাতকানিয়া (ওসিসহ) ও পটিয়ায় নিয়মিত টহল পরিচালনা করা হয়। ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা এলাকায় টহল চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নির্জন স্থানে দুষ্কৃতিকারীদের জ্বালিয়ে রাখা টায়ার অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।
নিয়মিত টহলের পাশাপাশি পরিবেশ রক্ষা ও সরকারি সম্পত্তি উদ্ধারে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর বিশেষ নির্দেশনায় তিনটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালিত হয়।
ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ-এর নেতৃত্বে নানুপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের গামারিতলা এলাকায় রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে টিলার মাটি কাটার সময় ০১টি এক্সকেভেটর ও ০১টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
মীরসরাইয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের হিংগুলী ইউনিয়নের আজমনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত আনুমানিক ৪,০০০ ফুট পাইপ ও ০৩টি শ্যালো মেশিন বিনষ্ট করেন এবং আনুমানিক ৩০,০০০ ঘনফুট বালু জব্দ করেন।
অন্যদিকে, সন্দ্বীপে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ-এর পরিচালনায় সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অভিযুক্তকে নিজ খরচে স্থাপনাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
জনগণের জানমালের নিরাপত্তা ও জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নেতৃত্বে জেলা প্রশাসন, চট্টগ্রামের এ ধরনের কঠোর টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















