সীতাকুণ্ডে জায়গা জমি বিরোধের জেরে হামলা, উল্টো মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

33

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিবারের সদস্যদের মারধর, বসতঘর ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

Advertisement

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সন্মেলন কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পেশ করেন উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর (মৌলভী পাড়া) এলাকার বাসিন্দা আলাউদ্দিনের মেয়ে ফারজানা আক্তার রুমা।

তিনি জানান, তাদের প্রতিবেশী মো. আবছার (২৮) ও তার বাবা মো. ইউনুস (৫০)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষরা তার বাবা আলাউদ্দিনকে নিজ বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছে। গত ৭ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে আবছার ও ইউনুসের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র, চাপাতি, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলায় তাঁর বাবা আলাউদ্দিন, মা নাসিমা আক্তার, দাদি হালিমা খাতুন, ছোট ভাই আরমান হোসেন রোহানসহ পরিবারের অন্য সদস্যরা আহত হন।

সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার রুমি দাবি করেন, হামলাকারীদের হুমকিতে পরিবারের সদস্যরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান প্রশাসনের কাছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফারজানা আক্তার রুমির পিতা মো আলাউদ্দিন, মা নাসিমা আক্তার ও দাদী হালিমা বেগম।

Advertisement