সীতাকুণ্ডে স্ত্রীকে গ্রেফতার করতে গিয়ে স্বামীর হাতে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

106

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মামলার আসামি সাবেরা খাতুন নামে এক গৃহবধুকে গ্রেফতার করতে গিয়ে তাকে না পেয়ে তার স্বামীকে আটক করতে গেলে স্ট্রোকে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী মোঃ শহিদ।

Advertisement

এসময় পুলিশ ও হাতকড়া পড়ানো শহিদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সাবেরা খাতুনের স্বামী মো.শহিদ (৬২)। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে বুধবার দুপুর সাড়ে ১২ টায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া (৮ নং ওয়ার্ড) এলাকায় । নিহত শহিদ একই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।

নিহতের পরিবারের দাবি, পুলিশ বিনা অপরাধে শক্তি প্রয়োগ করে এবং ভয় ভীতি দেখিয়ে শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের ধস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।

নিহতের ভাই আব্দুল খালেক জানান,জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা মামলায় তার ভাই শহীদের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে তাকে ধরতে সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সাব্বির সহ বেশ কয়েকজন পুলিশ তাদের বাড়িতে আসেন। এই সময় তারা তার ভাবীকে না পেয়ে তার বড় ভাই শহীদকে জোরপূর্বক হাতে হাতকড়া পরিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় এস আই সাব্বিরকে তার ভাই নিরপরাধ জানিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে ঘর থেকে ধস্তাধস্তি করে বের করে নিয়ে আসেন। উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে তার ভাই হাতকড়া পড়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনার পর পুলিশ হাতকড়া খুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহীদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পান তারা। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement