মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে চিটাগং ক্রিকেট একাডেমি ও আলো সিড়ি ক্লাব।
মঙ্গলবার শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ, চট্টগ্রাম আয়োজিত টুর্নামেন্টের ২য় রাউন্ডের কোয়াটার ফাইনাল খেলায় চিটাগং ক্রিকেট একাডেমি ৩২ রানে রেলওয়ে এস এ দলকে ও আলো সিড়ি ক্লাব ৪৭ রানে হাজী ক্যাম্প একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
সকালে অনুষ্ঠিত দিনের প্রথম কোয়াটার ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগং ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সপ্তম উইকেট জুটির দারুণ ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকিব আলী সর্বোচ্চ অপরাজিত ৪৭ বলে ৯৮ ও হাসিবুল হাসান ৩৪ বলে ৫৬ রান করেন। বল হাতে রেলওয়ে এস এ দলের ইব্রাহিম খলিল ও সায়েম জাহাঙ্গীর ৩ করে ও শেখ রিয়াল করিম ২ টি উইকেট লাভ করে।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান তুলে নিজেদের ইনিংস শেষ করে রেলওয়ে এস এ। ফলে চিটাগং ক্রিকেট একাডেমি ম্যাচে ৩২ রানে জয় পায়। রেলওয়ের পক্ষে ইব্রাহিম খলিল (৫৫) ২৪ বলে ৩৯ ও ইব্রাহিম খলিল (১৩) ১২ বলে অপরাজিত ৩২ রান করেন। ম্যাচে বল হাতে চিটাগং ক্রিকেট একাডেমির ওয়াকি উদ্দিন, ওয়ালিম খান, মোঃ আসিফ ও আহি ২ টি করে উইকেট লাভ করে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চিটাগং ক্রিকেট একাডেমির আকিব আলীর হাতে পুরস্কার তুলে দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়াটার ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে আলো সিড়ি ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানজির সর্বোচ্চ ৪০ বলে ৮১, নাজিমুদ্দিন সাব্বির ২৯ বলে ৬৭, রায়হান ১৪ বলে ৪৪ ও হাবিব খান ১৪ বলে অপরাজিত ৩২ রান করেন। বল হাতে হাজী ক্যাম্প একাদশের তানজিদ ১৬ রানে ৪ উইকেট লাভ করে।
জয়ে জন্য ২৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হাজী ক্যাম্প একাদশ ১৮ ওভারে ২১৪ রানে গুটিয়ে গেলে ম্যাচে আলো সিড়ি ক্লাব ৪৭ রানে জয় পায়। হাজী ক্যাম্পের সাজিব ২৬ বলে সর্বোচ্চ ৭৪, সাব্বির (২) ১৬ বলে ৩৫ ও লতিফ ১৭ বলে ২৭ রান করেন। বল হাতে আলো সিড়ি ক্লাবের সায়েম ৩৫ রানে ৩, বিজয় ৩৮ রানে ৩ ও জামু ৪৪ রানে ২ উইকেট লাভ করে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আলো সিড়ি ক্লাবের তানজির এর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম।
আগামীকাল ২৫ নভেম্বর বুধবারের খেলা :
সকাল ৯.০০ টায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম সিএস স্পোর্টস একাডেমি
দুপুর ১.০০টায় : চট্টগ্রাম – ১১ বনাম মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশ

















