সরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, চট্টগ্রামে শূন্য আসন ও ভর্তি বিজ্ঞপ্তির অপেক্ষা

29

নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয় গুলোতে চলছে বার্ষিক পরীক্ষা আর ঠিক এরপরই নতুন বা পছন্দের বিদ্যালয়ে ভর্তির চিন্তায় আছেন শিক্ষার্থী, অভিভাবকেরা। ইতিমধ্যে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১২ নভেম্বর প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষায় মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রকাশিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ অনুযায়ী, প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আবেদন ও ভর্তি কার্যক্রম যেভাবে হবে

নীতিমালা অনুযায়ী, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি আবেদন, ফি গ্রহণ, ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে সম্পন্ন হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি সরকারি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। একই বিদ্যালয়ে একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল হবে।

দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।

অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।

প্রথম শ্রেণিতে আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রামে কোন বিদ্যালয়ে কত আসন?

নীতিমালা প্রকাশের পর চট্টগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে কোন বিদ্যালয়ের কোন শ্রেণিতে কতটি আসন শূন্য রয়েছে, তা বিদ্যালয়ভিত্তিকভাবে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

নীতিমালায় বলা হয়েছে, বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয়প্রধানরা বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করে সংশ্লিষ্ট ভর্তি কমিটির কাছে পাঠাবেন। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসন উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন।

জেলা পর্যায়ে ভর্তি কার্যক্রম তদারকির জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে ভর্তি কমিটি গঠনের বিধান রয়েছে। ফলে চট্টগ্রামের সরকারি বিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমেও জেলা পর্যায়ের ভর্তি কমিটির ভূমিকা থাকবে।

আবেদন ও পরীক্ষার সময়সূচি

প্রাথমিক ভাবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে আবেদন শুরুর কথা রয়েছে যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে এ বিষয়ে পরবর্তী ভর্তি বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশের কথা রয়েছে। তাই আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, প্রথম শ্রেণির লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির লিখিত পরীক্ষার সময়সূচির জন্য মাউশি ও সংশ্লিষ্ট ভর্তি কমিটির পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

চট্টগ্রামের অভিভাবকদের বিদ্যালয়ভিত্তিক শূন্য আসন, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সময়সূচি জানতে সংশ্লিষ্ট বিদ্যালয়, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস এবং জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement