নিউমুরিং আবাসিক এলাকায় বাসায় বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ

20

চট্টলা নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম এবং তাঁদের তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম।

Advertisement

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার ৬ নম্বর বাসায় এ বিস্ফোরণ ঘটে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি জানাজানি হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং শিশু আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহত আরিফ ও রাশেদাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শিশুটিও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর বাসাটির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস সিলিন্ডার, গ্যাসের সরবরাহ কিংবা অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ঘটনাটি তদন্ত করছে।

এদিকে ভবনমালিকের দাবি, ওই বাসায় গ্যাসের সরবরাহ লাইন বা গ্যাস সিলিন্ডার ছিল না। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

Advertisement