চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবা তৈরির কৌশল শেখেন তরুণ

1

চট্টলা নিউজ ডেস্ক: চট্টগ্রামে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন ও মাদক উৎপাদনের অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তৌহিদুল আলম আকিব নামে ওই তরুণকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য পাওয়া যায়। এরপর পুলিশ তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়।

অভিযানে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানিয়েছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন।

এ ঘটনায় গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement