আজ বুধবার টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সিজেকেএস-সিডিএফএ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগে রানার্সআপ সিটি কর্পোরেশন একাদশের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ ট্রফি নিয়ে দেখা করতে আসলে তিনি বলেন, যুব সমাজের মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধির জন্য খেলাধূলার কোন বিকল্প নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু পরিস্কার-পরিচ্ছন্ন ও আলোকায়নের কাজ করে না, স্থানীয় খেলোয়াড় গড়ে তোলার জন্য ফুটবল ও ক্রিকেট দল গঠন করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করে। এই লক্ষ্যকে সামনে রেখে নগরীতে বিভিন্ন ওয়ার্ডে খালি জায়গাগুলোতে খেলার মাঠ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে এলাকার ছেলে-মেয়েরা বিপথে পরিচালিত না হয়ে আলোকিত মানুষ হিসেবে হয়ে উঠতে পারে।
তিনি সিজেকেএস-সিডিএফএ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগে সিটি কর্পোরেশন একাদশ রানার্সআপ হওয়ায় দলের সকল কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, চসিক ক্রীড়া স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. আতাউল্লাহ, কাউন্সিলর জহর লাল হাজারী, মো. জাবেদ, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।

















