প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে, এই তো বেশি। যে আপনাকে হত্যা করতে চায়, তাঁকে আপনি কি ফুলের মালা দিয়ে নিয়ে আসবেন। আমাকে মারতে অনেক চেষ্টা করেছে। এর পর খালেদার ওপর আমায় মায়া দেখাতে বলেন। আমার হাতে যেটুকু আছে, তার মাধ্যেমে তাঁকে বাসায় থাকার ব্যবস্থা করেছি। ওনারা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের শেল্টার দিয়েছেন। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন।’
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তাঁকে বাইরে পাঠানো নিয়ে যে আলোচনা চলছে, তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার হাতে যা ছিল, তা দিয়ে তাঁকে বাসায় থাকার ব্যবস্থা করেছি। এখন এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয়।’
আজ বুধবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিকেল ৪টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলনে বিশ্ব জলবায়ু সম্মেলন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, অর্থনীতি, ডিজিটাল বাংলাদেশ, তরুণ সমাজের কর্মসংস্থান, রাজনীতিসহ নানা প্রসঙ্গ উঠে আসে। সংবাদ সম্মেলনে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। দেড় ঘণ্টার বেশি স্থায়ী এ সংবাদ সম্মেলনের শেষ প্রশ্ন ছিল এটি। প্রশ্নটির জবাবের মধ্য দিয়েই সংবাদ সম্মেলন শেষ হয়।
সংগঠনই নেই ইলেকশন করবে কীভাবে: প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপি ইলেকশন নিয়ে প্রশ্ন করে কীভাবে। জিয়া হ্যাঁ-না ভোটের মাধ্যমে এসেছে। এর পর তাঁর অন্য নির্বাচনগুলো কি নির্বাচন ছিল? ১৯৮১ সালে নির্বাচনে কি হয়েছিল, তা এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে? ইলেকশন কীভাবে করবে তারা। করতে হলে সাংগঠনিক শক্তি দরকার, তা তো তাদের নাই। তৃণমূলে এমনভাবে উন্নয়ন করেছে আওয়ামী লীগ তাতে সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। কীভাব তারা ক্ষমতায় যাবে। তারা গ্রেনেড হামলা, গুপ্ত হত্যা ইত্যাদির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। তারা ক্ষমতায় এসেছে অস্ত্রের মাধ্যমে। বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাঁদের নেতারা।
















