পাবনায় নিজেদের তৈরি ‘ককটেল মদ পান করে’ প্রাণ গেল ৩ বন্ধুর

649

পাবনায় নিজেদের তৈরি করা ককটেল (বিষাক্ত) মদপানে ৩ বন্ধু মারা গেছেন। অপর ২ বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে একজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।

Advertisement

মৃতদের মধ্যে জনি নামে একজন একটি বেসরকারি মোবাইল ফোনের বিক্রয় কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। পাবনা শহরতলীর চক ছাতিয়ানী মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের পৌর এলাকার চক ছাতিয়ানি মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড়বাজার এলাকা থেকে স্পিড কিনে তার সঙ্গে তাড়িসহ বেশ কয়েকটি মাদক মিশিয়ে ককটেল বানিয়ে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় গিয়ে পান করেন। এরপর তারা রাতেই যার যার বাড়িতে চলে যান এবং শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমন পথিমধ্যে এবং রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ (৩২) এবং পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃত আলমের ছেলে রতন (৩০)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মদ পান করে তিনজনের মৃত্যু হয়। আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ৩ জনের মৃত্যুর বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের পর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

Advertisement