ওয়ানডে ও টেস্ট সংস্করণে ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। এই দুই পুরস্কার জিতলেন দুই অধিনায়ক। ওয়ানডেতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম ও টেস্ট ক্রিকেটে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের জো রুট।
রঙিন পোশাকে বছর জুড়েই দারুণ সময় কেটেছে বাবর আজমের। ওয়ানডে ক্রিকেটে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন ২০২১ সালে। দুই শতকে সংগ্রহ করেছেন মোট ৪০৫ রান। ব্যাটিং গড় ৬৭.৫০। দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের সিরিজ জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এই পারফরম্যান্সই বাবরকে এনে দিয়েছে ২০২১ সালের সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব।
২০২১ সালে ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন রুট। এক বছরে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহসহ একাধিক রেকর্ড গড়েছেন এই ইংলিশ ক্রিকেটার। এক বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রুটের ওপরে আছেন কেবল পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস।
গত বছর রুটের ব্যাট থেকে এসেছে মোট ১৭০৮ রান। শতক হাঁকিয়েছেন ৬টি। রান সংগ্রহের তালিকায় সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুককেও ছাপিয়ে গেছেন। এছাড়া ভারতের মাটিতে এক ইনিংসে ৫ উইকেটসহ মোট ১৪টি উইকেটও শিকার করেছেন। এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে ২০২১ সালের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার।
এছাড়া বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ম্যারাইস এরাসমাস। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ফাইনাল ম্যাচসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

















