চ্যাম্পিয়ন আলাওল ও প্রীতিলতা হল

চবিতে উৎসবমুখর পরিবেশে ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। দীর্ঘ এই আয়োজনে মাঠ ও গ্যালারিতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এক মিলনমেলায় পরিণত করেছিল।

Advertisement

আজ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

এবারের টুর্নামেন্টে ছাত্র শাখায় আলাওল হল এবং ছাত্রী শাখায় প্রীতিলতা হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, ছাত্র শাখায় শাহজালাল হল এবং ছাত্রী শাখায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল রানারআপ ট্রফি লাভ করে।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সমর্থন এবং ভালোবাসাই এই সুদীর্ঘ আয়োজনকে প্রাণবন্ত ও সফল করে তুলেছে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাঠের এই সৌহার্দ্যপূর্ণ লড়াই শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশকে আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। চবি প্রশাসন ক্যাম্পাসকে সর্বদা এরকম উৎসবমুখর ও শিক্ষার্থীবান্ধব রাখতে বদ্ধপরিকর।” পুরস্কার বিতরণী পর্বে ছাত্র শাখার আলাওল হলের গোলকিপারের পুরস্কার প্রাপ্তি নিয়ে অনভিপ্রেতভাবে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগ্য ও প্রকৃত দাবিদার আলাওলের গোলকিপারের হাতেই তাঁর প্রাপ্য সেরা গোলকিপারের পুরস্কারটি সমঝিয়ে দেওয়া হয়। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানানো হয়েছে।

এই বৃহৎ আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), শারীরিক শিক্ষা বিভাগ, চবি মেডিকেল টিম, প্রক্টরিয়াল বডি, নিরাপত্তাকর্মী এবং সকল হল সংসদের নেতৃবৃন্দসহ মাঠের ভেতর ও বাইরে সহযোগিতা করা সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Advertisement