বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৩তম ম্যাচে মিনিস্টার ঢাকাকে হারের স্বাদ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রোমাঞ্চকর ম্যাচে চট্টগ্রাম জিতেছে ৩ রানের ব্যবধানে।
এই জয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল চট্টগ্রাম। ৯ম ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। অন্যদিকে ৮ ম্যাচে চতুর্থবার হার দেখল ঢাকা। ৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম এখন পয়েন্ট টেবিলের চারে এবং ৭ পয়েন্ট নিয়ে ঢাকা পাঁচে অবস্থান করছে।
সিলেটে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান জড়ো করে চট্টগ্রাম। শুরুর বিপর্যয় সামলে ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন শামীম হোসেন পাটোয়ারি।
সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ৫২ রান করেন এই তরুণ, ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। এছাড়া অন্যান্যদের মধ্যে আফিফ হোসেন ধ্রুব ২৪ বলে ২৭, উইল জ্যাকস ২৪ বলে ২৬ ও বেনি হাওয়েল ১৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মোহাম্মদ শাহজাদকে হারিয়ে ফেলে ঢাকা। ওয়ান ডাউনে নামা ইমরানউজ্জামান ও টু ডাউনে নামা মাশরাফি বিন মুর্তজাও দ্রুত বিদায় নিলে তামিম ইকবালের সাথে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রিয়াদ সাবধানে ব্যাট চালালেও তামিম মনোযোগ রেখেছিলেন লক্ষ্য তাড়ার দিকে। ২৯ বলে ২৪ রান করে রিয়াদ বিদায় নিলে ক্রিজে আসেন শুভাগত হোম, চালান চার-ছক্কার প্রয়াস। ততক্ষণে অর্ধশতক পূর্ণ হয়ে যায় তামিমের, যা আসরে তার চতুর্থ পঞ্চাশ ছাড়ানো ইনিংস।
১১ বলে ২২ রানের ক্যামিও খেলে শুভাগত বিদায় নিলে চাপে পড়ে যায় ঢাকা। মৃত্যুঞ্জয় চৌধুরীর করা শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফেরার আগে ২ বলে ১ রান করেন কাইস আহমেদ। ক্রিজে আসেন নাঈম শেখ। তবে ৫ বলের মোকাবেলায় তিনি করতে পেরেছেন মাত্র ২ রান। ৬ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৭১ রান করে অপরাজিত থেকেও দলের হার দেখতে হয় তামিমকে। ৫ বলে ২ রান করে অপরাজিত থাকেন নাঈম।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৪৫ রান। চট্টগ্রামের পক্ষে শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : মিনিস্টার ঢাকা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৪৮/৬ (২০ ওভার)
শামীম ৫২, আফিফ ২৭, জ্যাকস ২৬, হাওয়েল ২৪*
রিয়াদ ৫/১, সানি ১৬/১, মাশরাফি ২৪/১
মিনিস্টার ঢাকা : ১৪৫/৬ (২০ ওভার)
তামিম ৭৩*, রিয়াদ ২৩, শুভাগত ২২
মৃত্যুঞ্জয় ২১/২, শরিফুল ২৮/২
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ রানে জয়ী।
















