স্বপ্ন থেকে বড় পর্দায়: বুয়েট, চুয়েট, ঢাবি ও চবির শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

1

মোঃ তৌহিদুল ইসলাম: চট্টগ্রাম থেকে উঠে আসা একদল স্বপ্নবাজ শিক্ষার্থীর দুই বছরের পরিশ্রম এবার পৌঁছাতে যাচ্ছে বড় পর্দায়। পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি নিজেদের টিউশনের আয়, পকেটমানি ও ব্যক্তিগত শ্রমে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন দুর্গাপূজায়।

Advertisement

বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪০ জনের বেশি বর্তমান শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে সিনেমাটি। এসজেএ প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত এটি তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির এনাউন্সমেন্ট পোস্টার, মোশন ভিডিও ও মূল পোস্টার। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই প্রকাশ করা হবে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার ও মিউজিক ভিডিও।

ছয়জনের যাত্রা থেকে ৪০ জনের দল

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, মাত্র ছয়জনের একটি ছোট দল নিয়ে ‘অন্যপাতা’র যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে যুক্ত হতে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই বছরের পরিশ্রমে সেই ছোট দলটি এখন ৪০ জনের বেশি সদস্যের একটি বড় পরিবারে পরিণত হয়েছে।

পড়াশোনার চাপ, পরীক্ষা ও ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও তারা সিনেমাটির কাজ চালিয়ে গেছেন। নিজেদের উপার্জনের টাকা ও পকেটমানি দিয়ে চলচ্চিত্র নির্মাণের এই উদ্যোগকে তারা দেখছেন নিজেদের স্বপ্ন বাস্তবায়নের একটি প্রচেষ্টা হিসেবে।

গল্পে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের বাস্তবতা

‘অন্যপাতা’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমকালীন সময়কে ঘিরে। ভর্তি যুদ্ধের সময় শিক্ষার্থীদের পরিচয় সংকট, পারিবারিক চাপ, বাস্তবতার মুখোমুখি হওয়া এবং ছাত্রজীবনের আবেগ-অনুভূতির পাশাপাশি উঠে এসেছে প্রেমের গল্পও।

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে একজন তরুণ, যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করে। এই সংগ্রামের মধ্যেই তার জীবনে আসে একটি মিষ্টি প্রেমের গল্প।

বাস্তব জীবনের দুটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি তৈরি করেছেন চলচ্চিত্রটির পরিচালক ও চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।

পরিচালক শাহেজাহান এ্যানি বলেন, “আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্রাগলিং সময় কাটে ভার্সিটি ভর্তির সময়টাতে। এই রেশ থেকে বের হতেই আমাদের অনেক সময় লেগে যায়। সেই সময়ের সার্ভাইভালের একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই ‘অন্যপাতা’। নিজের দেখা বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা গল্প তৈরি করার চেষ্টা করেছি।”

ছয়টি মৌলিক গান, চট্টগ্রামের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপন

প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের ‘অন্যপাতা’কে প্রচলিত গল্প বলার ধারা থেকে কিছুটা ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে জানান নির্মাতারা।

সিনেমাটিতে থাকছে ছয়টি মৌলিক গান, আবহসংগীত এবং বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপন। বিশেষ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যকে চলচ্চিত্রের দৃশ্যপটে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের ভাষা ও জীবনযাপনের ছাপও থাকছে সিনেমাটিতে।

চলচ্চিত্রটির প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী সামস আবতাহী ইসমাম সিনেমাটি নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, “অন্যপাতার গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আমাদের মতো জেনজিদের ভাষার ছাপ আছে, তবে সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল, মিষ্টি গল্পটা ভালো লাগবে।”

যারা কাজ করেছেন ‘অন্যপাতা’র পেছনে

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। এছাড়াও অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন, রোবেনসহ আরও অনেকে।

চলচ্চিত্রটির শিল্প নির্দেশনায় রয়েছেন চবি শিক্ষার্থী ইন্দ্র নীল। চিত্রগ্রহণ করেছেন ইব্রাহিম বিন আনছারী।

ছয়টি মৌলিক গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়াজ তাসজিম মনন। পুরো চলচ্চিত্রের আবহসংগীত তৈরি করেছেন আইনান।

সিনেমাটির পোস্ট প্রোডাকশন ও কালার এডিটিংয়ের দায়িত্ব পালন করেছেন চুয়েট শিক্ষার্থী তানভীর জানি। ভিএফএক্সে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী মাসরাফি ইসলাম শাফিন।

চলচ্চিত্রটির কাস্টিং পরিচালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান আহমদ রনি। লাইন প্রোডাকশনের দায়িত্ব সামলেছেন এইচএসসি শিক্ষার্থী সুদীপ্ত পাল।

সিনেমাটির সংলাপ লিখেছেন বুয়েটের ইশরাক নূর ও চুয়েটের ইকবাল রাফিদ।

নিজেদের সামর্থ্যেই স্বপ্নপূরণ

চলচ্চিত্রটির নির্মাতারা বলছেন, ‘অন্যপাতা’ নির্মাণের পথটি মোটেও সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, পরীক্ষা ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি চলচ্চিত্রের কাজ চালিয়ে যেতে হয়েছে তাদের। এর সঙ্গে যুক্ত ছিল অর্থের সীমাবদ্ধতাও।

তারপরও নিজেদের উপার্জিত অর্থ, পকেটমানি, সময় ও শ্রম দিয়ে তারা এগিয়ে নিয়েছেন কাজটি। তাদের কাছে চলচ্চিত্র নির্মাণের পুরো অভিজ্ঞতাটিও যেন আরেকটি সিনেমার গল্প।

নির্মাতাদের ভাষ্য, এই যাত্রায় তাদের সবচেয়ে বড় শক্তি ছিল নিজেদের প্রতি, চলচ্চিত্রের প্রতি এবং নিজেদের গল্পের প্রতি অটুট বিশ্বাস।

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে ‘অন্যপাতা’

চলচ্চিত্র: অন্যপাতা
প্রযোজনা: এসজেএ প্রোডাকশন
দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৪০ মিনিট
মুক্তি: আসন্ন দুর্গাপূজায় সিনেমা হলে
বিশেষ আকর্ষণ: ৬টি মৌলিক গান, আবহসংগীত ও চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপন

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই প্রকাশ করা হবে ‘অন্যপাতা’ চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার ও মিউজিক ভিডিও।

Advertisement