বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের এলিমিনেটরে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ে চট্টগ্রাম পৌঁছে গেল কোয়ালিফায়ারে, অন্যদিকে বিদায় নিল খুলনা।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করে অপরাজিত থাকেন চ্যাডউইক ওয়ালটন। ৪৪ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৭টি করে চার-ছক্কা। এছাড়া কেনার লুইস ৩২ বলে ৩৯ ও মেহেদী হাসান মিরাজ ৩০ বলে ৩৬ রান করেন। খুলনার পক্ষে খালেদ আহমেদ শিকার করেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাল্লা দিয়ে রান তুলতে থাকে খুলনা। শেখ মেহেদী হাসান ২ ও সৌম্য সরকার ১ রান করে বিদায় নিলেও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচার পথ হারাতে দেননি দলকে। তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে গড়েন ৬৪ রানের পার্টনারশিপ।
২৯ বলে ৪৩ রান করে একটি চার ও চারটি ছক্কা হাঁকানো মুশফিক বিদায় নিলে ফ্লেচার পান ইয়াসিরের সঙ্গ। তবে জয়ের আশা জাগিয়ে ২৪ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির, তার আগে হাঁকান দুটি চার ও চারটি ছক্কা।
ইয়াসিরের বিদায়ের পর খেই হারিয়ে ফেলা খুলনা আর জিততে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান দাঁড়ায় ফ্লেচারদের সংগ্রহ। ৫৮ বলের মোকাবেলায় ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকিয়ে ৮০ রান করে অপরাজিত থাকেন ফ্লেচার। ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন থিসারা পেরেরা।
সংক্ষিপ্ত স্কোর
টস : খুলনা টাইগার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৮৯/৫ (২০ ওভার)
ওয়ালটন ৮৯*, লুইস ৩৯, মিরাজ ৩৬
খালেদ ৪০/২ নাবিল ১৫/১
খুলনা টাইগার্সে : ১৮২/৫ (২০ ওভার)
ফ্লেচার ৮০*, ইয়াসির ৪৫, মুশফিক ৪৩
নাসুম ২৪/১, মৃত্যুঞ্জয় ৩৪/১
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ রানে জয়ী।

















