স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চলছে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ১৫৪ রানে। বাংলাদেশের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাট হাতে প্রোটিয়াদের শুরুটাও ছিল ভালো। মারকুটে ভঙ্গিতে খেলে ইনিংসের সূচনা করেছিলেন দুই ওপেনার ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক।
দলীয় ৪৬ রানে ডি কককে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর ইয়ানেমান ও কাইল ভেরেইন্নের জোড়া উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ৭১ রানে সাকিব আল হাসান প্রতিপক্ষ দলপতি বাভুমাকে সাজঘরে ফেরালে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে।
তাসকিনের উপর্যুপরি আঘাতে বেহাল দশা হয়ে পড়ে প্রোটিয়াদের ব্যাটিংয়ের। শেষপর্যন্ত ৩৭ ওভার ব্যাট করে ১৫৪ রানে অলআউট হয়ে স্বাগতিক দল।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ইয়ানেমান। এছাড়া কেশব মহারাজ ২৮, ডোয়াইন প্রিটোরিয়াস ২০ ও ডেভিড মিলার ১৬ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ পাঁচটি এবং সাকিব আল হাসান দুটি উইকেট শিকার করেন।
তাসকিন তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ উইকেট পেলেন। দক্ষিণ আফ্রিকায় সফরকারী দলের সর্বশেষ পেসার হিসেবে ৫ উইকেট পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা, ২০১২ সালে। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ক্যারিয়ারে একাধিকবার ৫ উইকেট শিকার করলেন তাসকিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট পাওয়া একমাত্র বাংলাদেশিও তিনি।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা : ১৫৪/১০ (৩৭ ওভার)
ইয়ানেমান ৩৯, মহারাজ ২৮, প্রিটোরিয়াস ২০, মিলার ১৬
তাসকিন ৩৫/৫, সাকিব ২৪/২
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান।
















