মাদরাসা শিক্ষার উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত ধরেঃ শিক্ষা উপমন্ত্রী

250

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত ধরেই মাদরাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।

Advertisement

শনিবার (২৮ মে) দারুল উলুম কামিল মাদরাসার কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মত প্রকাশ করেন শিক্ষা উপমন্ত্রী।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য বছরে ৪ হাজার কোটি টাকার এমপিও প্রদান করেন। মাদরাসার শিক্ষার্থীরা যাতে বৈষম্যমুক্তভাবে পড়ালেখা করতে পারে সেজন্য শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন এবং নতুন নতুন ভবন নির্মাণ করেছেন। মাদরাসা শিক্ষকরা এখন সরকারি স্কেলে বেতন-ভাতা গ্রহণ করছেন। প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ করে সারা দেশব্যাপী ১৮০০ মাদরাসার ভবন নির্মাণ করে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ স্থিতিশীল দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিকভাবে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের কাতারে স্থান করে নিয়েছে বাংলাদেশ। আর তাই শিক্ষা খাতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের দ্বীনি শিক্ষার জন্য অতীতের যেকোন সরকারের তুলনায় সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন বর্তমান সরকার। শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে উচ্চশিক্ষিত করে গড়ে তুলতে পারেন সেজন্য মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট করা হয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জীবনমূখী শিক্ষায় শিক্ষিত হওয়ার উপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপমন্ত্রী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধুমাত্র উঁচু মানের সনদ নিয়ে প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এজন্য ইংরেজী শিক্ষা, কম্পিউটারসহ বিভিন্ন ট্রেনিং গ্রহণের উপর জোর দেন শিক্ষা উপমন্ত্রী।

সভাপতির বক্তব্যে মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ও সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন দারুল উলুম কামিল মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন এবং নতুন ভবন নির্মার্ণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের সকল মাদরাসায় এখন পড়ালেখার সুন্দর পরিবেশ বিরাজ করছে। মাদরাসা এখন জঙ্গি বানানোর প্রতিষ্ঠান নয়, সচেতন নাগরিক গড়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মাদরাসাগুলো। মানবিক শিক্ষায় উজ্জীবিত হয়ে মাদরাসা শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে পড়ালেখায় ভালো ফলাফল করছে। শিক্ষার এ গতিকে যেকোন মূল্যে ধরে রাখতে হবে বলে মত প্রকাশ করে গভর্ণিং বডির সভাপতি সুজন মাদরাসার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষনীয় সুযোগ সুবিধা চালুর ঘোষণা দেন। এছাড়া তিনি মাদরাসায় তাফসির ও ফিকাহ বিভাগ খোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

মাদরাসা চত্বরে অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার স্বাগত বক্তব্যে এবং প্রভাষক মাওলানা খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ ত্বহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির দাতা সদস্য সাংবাদিক ওসমান গনি মনসুর, শিক্ষক শায়খুল হাদিস মাওলানা মাকছুদ আহমদ, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, আছিয়া পারভিন প্রমূখ।

Advertisement