স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ বলে মন্তব্য করেছেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। আজ শনিবার (১৩ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ বৈকালিক শাখার উদ্যোগে আয়োজিত এক রক্তদান কর্মসূচী উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
সরকারি সিটি কলেজ ছাত্রলীগ বৈকালিক শাখার আহবায়ক আশীষ সরকার নয়নের সভাপতিত্বে এবং যুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ শাখার তত্বাবধানে উক্ত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্রলীগ বৈকালিক শাখার যুগ্ম আহবায়ক আকবর খান, মেহেদী হাসান শাকিল, অংকন শীল, মোহাম্মদ আব্দুল্লাহ, কাজী মোঃ সোহরাব উদ্দিন, আব্দুল মোনাফ, বেলাল হোসেন, বিজয়, সুদিপ্ত, ইফতি, নেয়াজ, রিয়াদ, রাকিব, ইব্রাহিম, ইমরান, মিশু, সাকিব, ইসফাক, মিরাজ, মিনহাজ, আরাফাত প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত আরো বলেন, চিকিৎসা বিজ্ঞানে অপারেশনসহ বিভিন্ন জরুরি কাজে প্রতিদিনই রক্তের প্রয়োজন হয়। ১৮ থেকে ৬০ বছরের যে কোন সুস্থ্য ব্যক্তি যাদের শরীরের ওজন ৪৫ কেজির উপরে, তারা চাইলে প্রতি চার মাস অন্তর অন্তর রক্তদান করতে পারেন। প্রাকৃতিক নিয়মেই প্রতি ৪ মাস পর পর আমাদের শরীরের রেড সেল বদলায়, তাই বছরে ৩ বার রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না বরং শরীরের লোহিত কণিকা গুলোর প্রাণ ব্যস্ততা আরো বেড়ে যায়। শুধুমাত্র রক্তদানের মতো মহৎ একটি কাজে নিজেকে নিয়োজিত রাখলে একজন শিক্ষার্থী সমাজের সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে দুরে রাখতে পারে। এছাড়া নিয়মিত রক্তদান করলে শরীর ও মন উভয়েই ভালো থাকে তাই শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত হওয়ার পরামর্শ দেন তিনি।
রক্তদান কর্মসূচীতে শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।

















