মানসিক রোগেরও বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে: ডা. রাব্বি

123

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, অন্যান্য রোগের মতো মানসিক রোগেরও আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। মানসিক রোগীকে চিকিৎসার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সমর্থন দিতে হবে। ঝাড়ফুঁক বা অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি পরিহারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

Advertisement

গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন মানবাধিকার’।

দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে হাসপাতালে এসে শেষ হয়। হাসপাতালের চিকিৎসক-নার্স-কর্মচারীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এএসএম লুৎফুল কবির, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গোলাম মোস্তফা জামাল ও মেডিকেল অফিসার ডা. তরিকুল মজিদ।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়ন অপরিহার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসিক স্বাস্থ্যসেবাসহ সব ধরণের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানসিক স্বাস্থ্যসেবার অবারিত সুযোগ সৃষ্টিতে চিকিৎসক ও চিকিৎসার সেবার কাজে নিয়োজিতদেরকে আরো মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এসব সেবা কেন্দ্র থেকে মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ পাচ্ছে।

Advertisement