চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৭ জনের দেহে। এদের মধ্যে ৩০৬ জন নগরীর ও ১১১ জন বিভিন্ন উপজেলার।
বুধবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ২৬৮২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৫ হাজার ৭০৮ জন। এর মধ্যে নগরে ৩৬৬৭১ জন এবং উপজেলা পর্যায়ে ৯০৪৭ জন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৬৬ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৬৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ২৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১টি নমুনা পরীক্ষা করে ১১ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৬টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৩৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩১৯ এবং উপজেলায় ১১৮ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ৯৯৯ জন।















