চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২৪)। ওই ঘটনায় অন্যান্য আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪টি মরদেহ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার।
স্থানীয়রা জানান, বকেয়া বেতন পরিশোধ, বেতন বৃদ্ধির দাবি, শুক্রবার এক বেলা কাজ করা ও ইফতারের সময় ইফতারের জন্য সময় বরাদ্দ- মূলত এই চার দফা দাবি আদায় নিয়ে ঘটনার সূত্রপাত। শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় কর্তৃপক্ষ। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তুমুল সংঘর্ষ শুরু হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও জানান তিনি।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, সকালে কয়লা বিদ্যুৎকেন্দ্রের মালিকপক্ষের সঙ্গে বেতনভাতা নিয়ে শ্রমিকদের ঝামেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়।
এর আগে, ২০১৬ সালের এপ্রিল মাসে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র সংঘর্ষে চারজন নিহতের ঘটনা ঘটেছিল। ওই সময় সংঘের্ষে পুলিশসহ কমপক্ষে ১৯ জন আহত হন।
















