চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) ১১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭১ জনের দেহে। এদের মধ্যে ১৪১ জন নগরীর ও ৩০ জন বিভিন্ন উপজেলার।
রবিবার (২৫ এপ্রিল) ভোর রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১৩০০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৮ হাজার ৮৮৭ জন। এর মধ্যে নগরে ৩৯২৪১ জন এবং উপজেলা পর্যায়ে ৯৬৪৬ জন।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১৭ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পাওয়া গেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের ও শেভরণে ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরটিআরএলে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা ধরা পড়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা ধরা পড়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব এবং আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৯৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৭০ এবং উপজেলায় ১২৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৫ হাজার ৯৭৭ জন।
















