ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ২২তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লো স্কোরিং ম্যাচে পাঞ্জাবের ১২৩ রান তাড়া করতে নেমে ১০০ বল খেলতে হয়েছে কলকাতাকে, যদিও শুরুতেই উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল দলটি।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে এদিন খুব একটা সুবিধা করতে পারেনি লোকেশ রাহুলের দল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে, তবে তা ৩৪ বলের মোকাবেলায়। এছাড়া ১৮ বলে ৩০ রান করেন ক্রিস জর্ডান। কলকাতার পক্ষে প্রসিধ কৃষ্ণ তিনটি এবং প্যাট কামিন্স ও সুনীল নারাইন শিকার করেন দুটি করে উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৭ রানের মধ্যে তিন ব্যাটসম্যান হারিয়ে ফেলে কলকাতা। শুবমান গিল (৯), নিতিশ রানা (০) ও সুনীল নারাইন (৪ বলে ০) সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় দলটি। সেই চাপ জয় করতে জ্বলে ওঠে অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট।
রাহুল ত্রিপাঠিকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে মরগান গড়েন ৬৬ রানের পার্টনারশিপ। ৩২ বলে ৪১ রান করে বিদায় নেন ত্রিপাঠি। ৯ বলে ১০ রান করে তাকে অনুসরণ করেন আন্দ্রে রাসেলও। তবে দীনেশ কার্তিকের ৬ বলে ১২ রানের ইনিংসে ভর করে কলকাতা জয় পায় ২০ বল ও ৫ উইকেট হাতে রেখেই। ৪টি চার ও ২টি ছক্কা হাঁকানো মরগান ৪৭ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : কলকাতা নাইট রাইডার্স
পাঞ্জাব কিংস : ১২৩/৯ (২০ ওভার)
আগারওয়াল ৩১, জর্ডান ৩০
কৃষ্ণ ৩০/২, নারাইন ২২/২
কলকাতা নাইট রাইডার্স : ১২৬/৫ (১৬.৪ ওভার)
মরগান ৪৭*, ত্রিপাঠি ৪১
হেনরিকস ৫/১, দীপক ২০/১
ফল : কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে জয়ী।

















