ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৯তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দিল্লী।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। দলীয় ৩৫ রানের মধ্যে দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটিং তাণ্ডব দলকে এনে দেয় লড়াকু পুঁজি। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্বও দেন তিনি।
মাত্র ৫৮ বলের মোকাবেলায় ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৯৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৬ বলে ২৬ রান করেন ডেভিড মালান। দিল্লীর পক্ষে তিনটি উইকেট শিকার করেন কাগিসো রাবাদা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৩ রান তোলে দিল্লী। ২২ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন পৃথ্বী শাও। এরপর স্টিভ স্মিথের ২২ বলে ২৪ ও রিশভ পান্ট ১১ বলে ১৪ রান করে আউট হন। তবে দিল্লী খেই হারায়নি শিখর ধাওয়ানের কারণে।
১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে ধাওয়ান দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ বলে ১৬ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন শিমরন হেটমেয়ার।
ম্যাচ হেরে গেলেও ম্যাচ সেরার পুরস্কার পান মায়াঙ্ক আগারওয়াল।
সংক্ষিপ্ত স্কোর
টস : পাঞ্জাব কিংস
দিল্লী ক্যাপিটালস : ১৬৬/৬ (২০ ওভার)
আগারওয়াল ৯৯*, মালান ২৬
রাবাদা ৩৬/৩, অক্ষর ২১/১
পাঞ্জাব কিংস : ১৬৭/৩ (১৭.৪ ওভার)
ধাওয়ান ৬৯*, পৃথ্বী ৩৯
ব্রার ১৯/১, জর্ডান ২১/১
ফল : দিল্লী ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।
















