মহামান্য রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে ৪ (চার) বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ২৫ সেপ্টেম্বর পূর্বাহ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে যোগদান করেছেন।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদানের পূর্বে প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সাথে সাক্ষাৎ করেন।
প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের গ্রেড-১ অধ্যাপক। তিনি ২০০৪ সালে ভারতের দার্জিলিংয়ের ইউনিভার্সিটি অব নর্থ বেঙ্গল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই মেধাবী শিক্ষক ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগ থেকে বি.এসসি (অনার্স) এ প্রথম শ্রেণীতে ষষ্ঠ স্থান ও এম.এসসিতে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ১৯৮৫ সালে চৌমুহনী এস. এ. সরকারী কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে কাদিরপুর মাল্টি হাইস্কুল থেকে প্রথম শ্রেণীতে এসএসসি পাশ করেন। উল্লেখ্য, তিনি তাঁর শিক্ষাজীবনে কৃতীত্বপূর্ণ ফলাফলের জন্য বি.এসসি (অনার্স) এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বৃত্তি, এম.এসসিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৃত্তি, এইচএসসি ও এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড বৃত্তি লাভ করেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গনিত বিভাগে ১৯৯৪ সালে প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের শিক্ষকতা জীবন শুরু হয়। এরপর তিনি ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গনিত বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করে পরবর্তীতে একই বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ২০০৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এছাড়াও তিনি ১৯৯৫ থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস্ এ অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।
প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রফেসর ক্যাটাগরীতে নির্বাচিত সিন্ডিকেট সদস্য। তাছাড়া তিনি একাধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক, চবি এসোসিয়েশন অব একাডেমিক এটমোসফেয়ার প্রটেকশন কমিটির সদস্য, চবি একাডেমিক কাউন্সিলের সদস্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর ট্রাস্ট্রি বোর্ডের সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এলামনাই এসোসিয়েশনের সদস্য, ঢাকাস্থ ইসলামিক ইকোনোমিক রিসার্চ ব্যুরো’র সদস্য, বাংলাদেশ গনিত সমিতির আজীবন সদস্য, গ্লোবাল এন্টারপ্রেনরশিপ মনিটর (জিইএম) বাংলাদেশ ন্যাশনাল টিমের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এন্টিঅপ্রেশন টিচার্স ইউনিটি’র প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইতিপূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এলামনাই এসোসিয়েশনের সভাপতি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর একাডেমিক কাউন্সিলের সদস্য। তাছাড়া তিনি চবি শাহজালাল হল ও শাহ আমানত হলের জৈষ্ঠ্য আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২০১৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে অনুষ্ঠিত “Finance for Sustainable Growth and Development” শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের প্রধান আয়োজক হিসেবে সফলতার সাথে দায়িত্বপালন করেন। তাঁর তত্ত্বাবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রজেক্ট পেপার তৈরীসহ ইতোমধ্যে ১ জন এমফিল গবেষক এবং ৬ জন পিএইচডি গবেষক ডিগ্রী লাভ করেছেন।
শিক্ষক-গবেষক প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের ১টি গ্রন্থ, ৪৭টি গবেষণামূলক প্রবন্ধ দেশি-বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও ৮টি সেমিনারে অংশগ্রহণ ও ৭টি পেপার উপস্থাপনসহ অসংখ্য প্রজেক্ট ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নাল অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর সদস্য এবং ২০২০-২০২১ সালের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন সহ বেশ কিছু জার্নালের রিভিও করেছেন। তিনি পেশাগত ও ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, নেপাল ও ভুটান ভ্রমন করেছেন।
প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এর অন্যন্য প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার মধ্যে রয়েছে নোয়াখালী সমিতি, সেনবাগ সমিতি, সেনবাগ ফাউন্ডেশন, সেনবাগ ওরিয়েন্ট স্কুল এন্ড কলেজ, এঙ্কর ট্রেড লিংক লিমিটেড ও সেনবাগ ছ্ত্রা সমিতির উপদেষ্ঠা, ইটিসি ফাউন্ডেশন, ইসিটি রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ, পিএসডিপি বাংলাদেশ ও সেনবাগ স্কুল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্যসহ বেশকিছু প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত থেকে কাজ করছেন।
প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ১৯৬৮ সালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা আবু তাহের খান ও মাতা ফিরোজা বেগম। তিনি ২ সন্তানের জনক। প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

















