সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ৮নং সোনাইছড়ি ইউনিয়নের পূজামন্ডপ প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭অক্টোবর) সন্ধ্যায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এবার সোনাইছড়ি ইউনিয়নে ৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, এটা আমার আপনার সবার দেশ, একযোগে সবাইকে নিরাপত্তা দিতে সহযোগিতা করতে হবে। এছাড়া যার যার ধর্ম পালনে একে অপরকে সহযোগিতা করতে হবে। আজান এবং নামাজের সময়ে যাতে উচ্চস্বরে গান বাজনা না বাজে সে দিকে খেয়াল রাখতে হবে এবং সকল প্রকার মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে।
সোনাইছড়ি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ মিত্রের সভাপতিত্বে- এবং সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার ইশতিয়াক আহমেদ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদৌলা, ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, সেক্রেটারি সেলিম জাহেদী, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু কনক, সদস্য সচিব মনোজ নাথ, উপদেষ্টা ডাক্তার অমরেন্দ্র ভট্টাচার্য, ইউপি সচিব আমর কান্তি, বিএনপি নেতা মমতাজ উদ্দিনসহ উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, জামায়াতের বিভিন্ন নেতাকর্মী এবং ইউনিয়নের ৬টি পূজামণ্ডপের প্রতিনিধিবৃন্দ।
















