চট্টগ্রামে মব সৃষ্টি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

গুপ্ত ও সুপ্তদের ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে: এরশাদ উল্লাহ এমপি

1

গুপ্ত ও সুপ্তদের ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।

Advertisement

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় দেশব্যাপী মব সৃষ্টি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করার লক্ষ্যে উত্তর চান্দগাঁও ৪ নম্বর ও দক্ষিণ চান্দগাঁও ৪৫ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি সিএন্ডবি রাস্তার মাথা থেকে শুরু হয়ে পাঠানিয়া পুরাতন চান্দগাঁও থানায় গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, গুপ্ত ও সুপ্তদের ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করে দিয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মব সৃষ্টি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে এবং ওসমান ও কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, জাফর আহমদ ও আশ্রাফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো গিয়াস উদ্দিন ভূইয়া,৪৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাছির, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও চান্দগাঁও থানা আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক মো. জানে আলম জিকু, মোহরা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী এবং সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক।

বিক্ষোভ মিছিলে চান্দগাঁও ৪ নম্বর ও ৪৫ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Advertisement