কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে সংকোশ নদীর নালায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ৩ শিশুর বয়স ৬ বছরের কাছাকাছি। সম্পর্কে তারা চাচাতো ও ফুফাতো বোন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত ৩ শিশু হলো- একই বাড়িতে বসবাসরত সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, সাদ্দামের চাচাতো ভাই জহুরুল ইসলামের মেয়ে জেসমিন এবং সাদ্দামের ভগ্নিপতি ও প্রতিবেশী অপু মিয়ার মেয়ে শেফালী।
তারা আরও জানান, সাদিয়া, জেসমিন ও শেফালী সব সময় একসঙ্গেই থাকতো, খেলাধুলা করতো। এ অবস্থায় বাড়ির সবার অজান্তে তারা সংকোশ নদীর নালায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
এদিকে, পরিবারের লোকজন বেশকিছু সময় ধরে তাদের ৩ জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ অবস্থায় হঠাৎ করে নালার পানিতে দু’জনের মরদেহ দেখতে পেয়ে সাদ্দাম হোসেন চিৎকার শুরু করলে অন্যরাও ছুটে এসে অন্যজনের মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মৃত সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

















