চট্টগ্রামে ১৩ মামলার আসামি ‘বোতল রনি’ গ্রেপ্তার

20

নিজস্ব প্রতিবেদন | চট্টলা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আলোচিত ছিনতাইকারী মো. ইসমাইল হোসেন ওরফে ‘বোতল রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া হাটহাজারী থানায় তাঁর বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন মোহরা কাজীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন ধরে নজরদারিতে রাখার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মোহরা পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইসমাইল হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমান ওরফে দুলাল ড্রাইভারের ছেলে।

পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে। পাশাপাশি হাটহাজারী থানায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement