চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তী (৩৫) কে গ্রেফতার করেছে সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
গতকাল ২২ ডিসেম্বর রোববার দুপুরে ফেনী মডেল থানাধীন সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিঠুন চক্রবর্তী গত ১৬ জুলাই দুপুর আনুমানিক আড়াইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২নং গেইটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার উপর তার অন্যান্য সহযোগীদের নিয়ে ছাত্রদেরকে প্রতিরোধের নামে নাশকতার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে গাড়ি ভাঙচুর ও সাধারণ ছাত্র-জনতার উপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে। তারা লাঠি-সোটা, দেশীয় অস্ত্র-সস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। মিঠুন চক্রবর্তী জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিজে সরাসরি পিস্তল দ্বারা ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশ পায়। গ্রেফতারকৃত আসামি সন্ত্রাসী মিঠুন চক্রবর্তী নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ ও ১৬নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী।
সন্ত্রাসী মিঠুন চক্রবর্তীতে গ্রেফতার বিষয়ে আজ ২৩ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর দামপাড়াস্থ সিএমপি’র মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন। পাঁচলাইশ মডেল থানার ওসি মোঃ সোলাইমান এসময় উপস্থিত ছিলেন।
মিঠুন চক্রবর্তী সিএমপি’র পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি।
















