‘নতুন প্রশাসনকে মূল্যায়ন কিংবা প্রশংসা করার মতো সময় এখনো আসেনি। প্রশাসনের বয়স মাত্র চার মাস। এর মধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ তৈরিতে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে দৃশ্যমান কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের ১০০ দিন উপলক্ষে “প্রাপ্তি ও সীমাবদ্ধতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় চবি ক্লাব অ্যালায়েন্স আয়োজিত এ সভায় চবির প্রায় ৪০টি সহশিক্ষামূলক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।
চবি উপাচার্য বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পুঁথিগত বিদ্যার স্থান নয়। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে, যা আমরা কাজে লাগাতে চাই। শিক্ষার্থীরা যেন আমাদের কাজের মূল্যায়ন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন সংগঠনগুলোকে আহ্বান জানাই, তারা যেন নতুন শিক্ষার্থীদের সংযুক্ত করে প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলে। উপাচার্য ক্লাবগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, চবি ক্লাব অ্যালায়েন্স বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। ক্লাবগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা একটি সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যার সমাধান হবে, যদি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এ লক্ষ্যে বর্তমান প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। উপ-উপাচার্য ক্লাব অ্যালায়েন্সের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন এবং সংগঠনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠনের প্রতিনিধিরা তাদের সংগঠনের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন। চবি ক্লাব অ্যালায়েন্সের পক্ষ থেকে মুখপাত্র সাজ্জাদ হোসাইন, চিটাগাং ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাফায়েত জামিল নওশাদ ও রাষ্ট্রচিন্তা, চবির সভাপতি এস.বি. ফররুখ হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানে চবি সহকারী প্রক্টর সাইদ বিন কামাল চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন মো. আরাফাত ইসলাম রিফাত ও আনজুমান্দ আছেমা তামান্না। এ সময় চবি ক্লাব অ্যালায়েন্সের পক্ষ থেকে চবি প্রশাসনের ১০০ দিনের কার্যক্রম নিয়ে একটি রিপোর্ট উপস্থাপন করা হয়।

















