চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ. এফ. রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
আজ (১৬ জানুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধনকালে তিনি বলেন, খেলাধুলার জন্য একটা পরিবেশ লাগে, সন্ত্রাসের মধ্যে খেলাধুলা হয় না। আমরা আল্লাহর রহমতে অনুকরণীয় পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। এখন হলে হলে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা এখন খেলাধুলা করছে এবং প্রচুর শিক্ষাসহায়ক কার্যক্রম হচ্ছে। আমরা এমন পরিবেশ সৃষ্টি করেছি, যেখানে নানা রকম ইতিবাচক অনুষ্ঠান করা হচ্ছে। চবি উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি এ. এফ.রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন । অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয়ের পতাকা, এ.এফ.রহমান হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ ইরফান চৌধুরী অয়ন। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি পদাথবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলামকে এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ নাদিম মাহমুদকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। এ.এফ. রহমান হলের আবাসিক শিক্ষক মিজবাহ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ নাঈমুর রহমান রাফসান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

















