চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংর্বধনা ২০২৫ আজ (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিজ্ঞান অনুষদের গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম একাডেমিক কার্যক্রম শুরু করতে উদ্যোগ গ্রহণ করি। মহান আল্লাহর রহমতে সেটা আমরা করতে পেরেছি। তিনি আরও বলেন, এ ক্যাম্পাসে দখলদারিত্বের সংস্কৃতিকে আমরা জাদুঘরে পাঠিয়েছি। তিনি নবীন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হওয়ার আহবান জানান। উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট না ভেবে বিশ্বের একজন গ্র্যাজুয়েট হিসেবে নিজেদেরকে কর্মক্ষেত্রে উপস্থাপন করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। ইন্ডাস্ট্রিয়াল জগতে এ বিভাগের শিক্ষার্থীদের গুরুত্ব অনেক। তারা ইতোমধ্যে এ সেক্টরে অত্যন্ত সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। তিনি নবীন শিক্ষার্থীদেরকে এ নৈসর্গিক ক্যাম্পাসে জ্ঞান আহরণে মনোযোগী হয়ে জীবন গঠনের আহবান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন।
চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. মোঃ দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং উক্ত বিভাগের প্রফেসর ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ড. সুমন গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান, প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রফেসর ড. সৈয়দা হালিমা বেগম ও প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।
















