চবি সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

125

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

Advertisement

আজ (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে আনন্দ পাই। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ত্রীড়াকে প্রাধান্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রতিদিন মাঠে উপস্থিত হই। চবি সোহরাওয়ার্দী হলের খেলাধুলায় একটা ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্যকে ধরে রাখতে এ হলের খেলোয়াড়দের শরীর চর্চা অব্যাহত রাখতে হবে। উপাচার্য বলেন, ‘জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই হচ্ছে বড়। তিনি চবি সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন এবং খেলায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের অগ্রীম অভিনন্দন জানান। পরে উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ আহসান হাবিব সাজু। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিনকে ও ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ মোঃ ইসমাইল হোসেনকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক ড. এম. এম. রিজাউল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন ইয়াছির আরাফাত। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ আফজাল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আসাদ।

Advertisement