দিল্লিতে আটক মমতা ব্যানার্জি, বিক্ষোভ ঘিরে ভারতজুড়ে রাজনৈতিক উত্তেজনা

21

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে একাধিক রাজনৈতিক নেতা ও অধিকারকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ছাত্রনেত্রী নেহা বোরা এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর আটকের খবরও রয়েছে।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মমতা ব্যানার্জিকে আটক করে দিল্লি পুলিশ। বেআইনি জমায়েতের অভিযোগে পুলিশ তাকে ও তার সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের সরে যেতে বলেছিল। তবে তারা অবস্থান চালিয়ে গেলে আটকের ঘটনা ঘটে।

বিমানবন্দরে সিজেপির তিন নেতা আটক

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আটক নেতাদের কোথায় রাখা হয়েছে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অভিজিৎ দীপকেকে গুরুগ্রামে নেওয়ার খবর ছড়িয়ে পড়লেও গুরুগ্রাম পুলিশ তা অস্বীকার করেছে বলে জানানো হয়েছে।

সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নেতারা আটক থাকলেও দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্ডে যন্তর মন্তরের বিক্ষোভে নেতৃত্ব দেবেন। এ বিষয়ে অভিজিৎ দীপকের আগে থেকে রেকর্ড করা একটি ভিডিওবার্তাও প্রকাশ করা হয়েছে।

আটক ছাত্রনেত্রী নেহা বোরা

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকেও আটক করেছে পুলিশ বলে প্রতিবেদনে বলা হয়েছে। এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আইসার দাবি, নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় যন্তর মন্তরে নির্ধারিত কর্মসূচির স্থান পরিবর্তন করে দিল্লি হাটে নেওয়া হয়েছে। তবে স্থান পরিবর্তনের পরও রাজধানীতে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে।

চণ্ডীগড়ে আপ নেতা মনীশ সিসোদিয়াকে আটকের অভিযোগ

চণ্ডীগড়ে আম আদমি পার্টির (আপ) নেতা মনীশ সিসোদিয়াকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জানানো হয়। তবে এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে দিল্লি পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।

তুষার গান্ধীকেও আটকের খবর

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে সিজেপির সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভে যোগ দেওয়ার আগে মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও অধিকারকর্মী তুষার গান্ধীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, দিল্লি বিমানবন্দরে সিজেপির নেতাদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ পদক্ষেপের সমালোচনা করে একে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন।

দিল্লিতে ৪০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনের খবর

বিক্ষোভ ঘিরে দিল্লিতে ৪০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিক্ষোভস্থলের আশপাশে ব্যারিকেড, স্পাইক স্ট্রিপ এবং অতিরিক্ত তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীর আটকের খবর ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

Advertisement