চট্টগ্রাম নগরের ষোলশহর-মুরাদপুর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় আহত হয়েছেন দৈনিক সময়ের কাগজ’র স্টাফ রিপোর্টার মঞ্জুর মোরশেদ আহত হয়েছেন।
নিহত তিনজন হলেন- চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম, স্টিলের ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক এবং এম.ই.এস কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ফয়সাল আহমদ শান্ত।
এদিন নগরের মুরাদপুর-ষোলশহর এলাকায় ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ চলছে। থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কারো কারো হাতে অস্ত্রও দেখা গেছে।
আন্দোলনকারীরা বলছেন, তারা মুরাদপুর হয়ে অবস্থান কর্মসূচি সফল করতে ষোলশহর এলাকায় যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এরপরে তারাও আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়।
ঘটনাস্থলে থাকা সাংবাদিক মঞ্জুর মোরশেদ এর উপর হামলা হয়। তাকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন।

















