ফেব্রুয়ারিজুড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, আলাওল ও এফ রহমান হল, পরিবহন দপ্তর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের অসংখ্য ভাইবোনকে শহীদ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা পলাতক থেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসে কর্মসূচী ঘোষণা দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই তোমরা আসো, তোমাদের বিচার করতে এ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এ দেশে কখনো আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফিরে আসতে পারবে না।’
তারা আরও বলেন, ‘ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ পালানোর পর ৩৫ জনকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। অথচ বিগত ৬ মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিচার করতে পারেনি। এরজন্য আমরা রক্ত দিইনি। যদি স/ন্ত্রা/সীদের বিচার করতে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন আমরা বিপ্লবী সরকার গঠন করব। আমরা ছাত্রলীগকে মোকাবেলা করার জন্য সবাই প্রস্তুত। যদি কোনো শিক্ষক কর্মচারী তাদের রক্ষা করতে চায় তাহলে আমরা তাদের প্রতিহত করব। স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না।’

















