বাংলা নববর্ষ

চট্টগ্রাম শিশু একাডেমিতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

460

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় আজ ১৩ এপ্রিল রোববার বিকেলে শিশুদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Advertisement

একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন প্রতিযোগিতা পরিদর্শন করেন। জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান রনজিত কুমার শীল, একাডেমির কর্মচারী মোঃ আবদুল খালেক ও প্রশিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষ উপলক্ষে এবার শিশু একাডেমিতে মোট ৪টি গ্রুপে বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযেগিতার বিষয় ছিল ‘ক’ গ্রুপে ১ম-৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘গ্রামবাংলার দৃশ্য’,‘খ’ গ্রুপে ৪র্থ-৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলা নববর্ষ’, ‘গ’ গ্রুপে ৭ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বৈশাখী মেলা’ এবং ‘ঘ’ গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ‘ইচ্ছেমত’। এছাড়া ২টি গ্রুপে ৫ম-৭ম ও ৮ম-১০ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘জাতীয় জীবনে নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। আগামীকাল ১৪ এপ্রিল সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য বাংলা নববর্ষের অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

Advertisement