বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শুভ নববর্ষ পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ পালন করা হয়েছে।
আজ ১৪ এপ্রিল সোমবার সকাল সোয়া ৮টায় একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের নেতৃত্বে শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে ‘এসো হে বৈশাখ এসো এসো’ শ্লোগানে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শিশু একাডেমির বিভিন্ন স্তরের কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষনার্থী ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বাদ্যের তালে তালে গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যের লোকজ উপকরণ, পুতুল, রঙিন প্ল্যাকার্ড আনন্দ শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় শিশুদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন।
শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে শিশু একাডেমিতে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও চান্দগাঁও ভূমি সার্কেলের সহকারী কমিশনার মোঃ ইউসুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী ও সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) নেছার উদ্দিন আহমেদ, জেলা আনসার-ভিডিপি কমান্ডার মোঃ আবু সোলায়মান ও জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক আতিয়া চৌধুরী প্রমূখ। শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা অনুষ্ঠান মঞ্চে দলীয় নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করেন।

















