স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেছেন, নতুন সিগারেট কোম্পানি বন্ধ। ই-সিগারেট আমদানিও বন্ধ করা হয়েছে। ডাক্তার ও সরকারি পেশার লোকদের মধ্যে সিগারেট সেবনের প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারি চাকুরিতে প্রবেশের সময় ধূমপান টেস্ট করা প্রয়োজন। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশ্ব তামাকমূক্ত দিবস-২০২৫ উপলক্ষে গতকাল ৩১ মে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটির এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল-‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদ ইশরাকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা পরবর্তী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল আজম চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার, শিক্ষক নিঠু চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুর আনোয়ার ও তামাক বিরোধী জোটের সদস্য মোছাম্মৎ ফারহানা প্রমূখ। আলোচনা সভা শেষে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হকের বলেন, বর্তমান সময়ে কম বয়সী মেয়েদের মাঝেও ধূমপানের প্রবণতা দেখা যায়। তাদের ধুমপানের জন্য আশে পাশের ছাত্র ও অধুমপায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাবলিক প্লেসে ধূমপান দন্ডনীয় অপরাধ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ধুমপান ও তামাক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৩ মেতাবেক মোবাইল কোর্ট পরিচালনার সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেন তিনি।
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতায় প্রাণ হরি আমিন একাডেমির ১০ম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইসলাম নিতুল ১ম ও জারাহ মাহবুবা পৃথিলা ২য় এবং শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী নুসরাত সুলতানা ৩য় স্থান অর্জন করেন।
সভায় বিজয়ীদের মাঝে মাঝে পুরস্কারসহ সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

















