চট্টগ্রামে লাইফস্প্রিং-এর মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

245

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি শিক্ষামূলক কর্মশালা। চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে শনিবার (২৮ জুন) এ কর্মশালার আয়োজন করে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় মানসিক স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান লাইফস্প্রিং।

Advertisement

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মানসিক সংকটে থাকা মানুষদের সঠিকভাবে বোঝা, সহানুভূতির সঙ্গে সাড়া দেওয়া এবং প্রয়োজনে পেশাদার সহায়তার দিক নির্দেশনা দেওয়ার মতো প্রস্তুতি তৈরি করা। এতে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক, কর্পোরেট পেশাজীবী, গৃহিণীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিষণ্ণতা দুর্বলতা নয়—একটি প্রতিক্রিয়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইফস্প্রিং-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. সাঈদুল আশরাফ কুশল। তিনি বিষণ্ণতা ও মানসিক চাপ মোকাবিলার কৌশল নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “অবসাদ কোনো দুর্বলতা নয়, এটি একটি প্রতিক্রিয়াশীল অবস্থা। এর প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রয়োজন।”

লাইফস্প্রিং-এর চট্টগ্রাম শাখার মনোবিদ অভিজিৎ নাথ উদ্বেগ, রাগ নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ সমস্যাগুলোর প্রাথমিক লক্ষণ নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন।

মুক্ত আলোচনা ও মূল্যবান মতামত

কর্মশালার শেষে অনুষ্ঠিত মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং প্রশিক্ষকদের কাছ থেকে নানা দিকনির্দেশনা নেন। অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। কেউ কেউ একে “জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ও সময়োপযোগী” বলেও অভিহিত করেন।

অতিথিদের উপস্থিতি ও প্রশংসা

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কমান্ডার জাকারিয়া পারভেজ, প্রিন্সিপাল, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। লেফটেন্যান্ট কমান্ডার মো. শরীফ, প্রিন্সিপাল, আশার আলো চট্টগ্রাম। লেফটেন্যান্ট কমান্ডার শানহলতা রায়, ট্রেনিং কো-অর্ডিনেটিং অফিসার, বিএনএস ইসা খান। সাব লেফটেন্যান্ট শরীফ আদনান, পাবলিক রিলেশন অফিসার, কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া

এছাড়াও উপস্থিত ছিলেন: বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি, ডা. মোহাম্মদ আফজাল হোসাইন, এসোসিয়েট প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইকোলজি বিভাগ, শিক্ষকবৃন্দ, সানশাইন গ্রামার স্কুল, আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল ও চট্টগ্রাম সানশাইন কলেজ।

প্রতিনিধিরা লাইফস্প্রিং-এর এমন মানবিক উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শ দেন।

মানসিক স্বাস্থ্যের জন্য চলবে আরও কর্মসূচি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাইফস্প্রিং-এর চেয়ারম্যান ইয়াহিয়া আমিন এবং জনপ্রিয় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুষমা রেজা।

লাইফস্প্রিং-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা দেশব্যাপী এই ধরনের মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে। যাতে সাধারণ মানুষ বুঝতে শেখে—মনের যত্ন নেওয়া শরীরের যত্ন নেওয়ার মতোই জরুরি।

Advertisement