সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করতে হবে: ডিসি

312

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তরুণদের সম্পৃক্ত রেখে বর্ষব্যাপী ‘তারুণ্যের উৎসব’ কর্মসূচি বাস্তবায়নসহ প্রতিটি দপ্তরকে ক্যালেন্ডার তৈরি করে জেলা প্রশাসকের নিকট প্রেরণ করতে হবে। পাশাপাশি আগামী ১২ অক্টোবর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের টাইফয়েড টিকা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে হবে এবং সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মশা নিধনে স্প্রে কার্যক্রম বেগবান করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/দপ্তরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Advertisement

আজ ২০ আগস্ট বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় যুব উন্নয়ন, কৃষি, পল্লী উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্প, ইসলামিক ফাউন্ডেশন ও স্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম আলোচনা করা হয়। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিটি দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় ঋণ আদায়, কৃষকদের উন্নত বীজ সরবরাহ, মডেল মসজিদ নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিদ্যুৎ বিল পরিশোধ, ভোটার তালিকা হালনাগাদ, যৌন হয়রানি প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা উন্নয়ন সমন্বয় সভায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Advertisement