শাহজালালে ১৪ কেজি তরল স্বর্ণসহ তিন যাত্রী আটক

997

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ কেজি তরল স্বর্ণসহ ৩ যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

Advertisement

আটক যাত্রীরা হলেন- টাঙ্গাইলের রিয়াজুল হাসান (৪৬), কেরানীগঞ্জের মোহাম্মদ আমিন (৩৫) এবং সোনারগাঁওয়ের মোকারাম খাঁন (৩৩)।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ বলেন, তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটটি মঙ্গলবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এ সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে প্লেনটিতে তরল স্বর্ণের চালান এসেছে।

ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশি তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। তারা শরীরের বিভিন্ন অংশে সোনাগুলো পেঁচিয়ে নিয়ে আসে।

এর আগেও এয়ারপোর্ট আর্মড পুলিশ এক কেজি ১শ গ্রাম তরল সোনা উদ্ধার করেছিল। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Advertisement