বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের অবসরজনিত বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শুরুতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ, বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ঘাসফুল’র প্রধান সমন্বয়কারী মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও দৈনিক খবর’র সিনিয়র রিপোর্টার রনজিত কুমার শীল।
একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন একাডেমিতে যোগদানের পর থেকে বিভিন্ন প্রশিক্ষণ বিভাগ ও শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অধিক উৎসাহিত করেছেন। বিদায়ী এই জেলা শিশু বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে প্রশিক্ষকগণও অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন বলেই শিশু একাডেমির সুনাম সর্বত্র ছড়িয়েছে। শিশু একাডেমির সার্বিক কল্যাণে বিদায়ী কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের অবদান অনস্বীকার্য। এরই ধারাবাহিকতা বজায় রাখতে হলে নবাগত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাওসার আহমেদের নেতৃত্বে শিশু একাডেমির সাথে সম্পৃক্ত সকলকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।
















