আলাওল হলের ক্রীড়া প্রতিযোগিতা

সুস্থ দেহের জন্য ক্রীড়াচর্চার বিকল্প নেই: চবি উপাচার্য

213

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল ‘আলাওল হল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উৎসব ২০২৬ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌঁড় প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল পরিয়ে দেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

Advertisement

এর আগে সকাল সাড়ে নয়টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সকলের প্রতি শুভ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিকভাবে সুস্থ থাকেন এবং শৃঙ্খলার মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আজকে আলাওল হলের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর অপরিহার্য বিষয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সাথে খেলাধুলাও এগিয়ে যাবে।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, আলাওল হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী হল। ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় সময় এ হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, আশা করি শিক্ষার্থীরা সেই ঐতিহ্য ধরে রাখবে। খেলাধুলা, শরীরচর্চা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শুধু আজকের দিনে নয়, সব সময় শরীরচর্চা, খেলাধুলায় শিক্ষার্থীরা নিজেদের নিয়োজিত রাখবে প্রত্যাশা করি।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা, আলাওল হলের পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থী মোহাম্মদ সজিব। বিচারকদের পক্ষে চবি আলাওল হলের আবাসিক শিক্ষক ড. মোজাম্মেল হককে এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের মোঃ আবদুল বেলালকে উপ-উপাচার্য (একাডেমিক) শপথ বাক্য পাঠ করান। টিম ম্যানেজার আলাওল হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন আজিজ ওয়াসি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত হলের পেশ ইমাম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মো. আজাদ হোসেন, রামিসুর দাস ও আরজুমান্দ আছেমা তামান্না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলাওল হল সংসদের ভিপি মো. রাকিবুল বশর ও জিএস মো. নুর নবী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, আলাওল হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, আলাওল হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement