বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি ‘পরিবারস্বরূপ’ মানসিকতা পোষণ করতে হবে: চবি উপাচার্য

196

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি ‘পরিবারস্বরূপ’ মানসিকতা পোষণ করতে হবে এবং নিঃস্বার্থভাবে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

Advertisement

চবি প্রতিবন্ধী ছাত্রসমাজ (ডিসকো) এর আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘প্রতিবন্ধিতা: সমন্বিত সমাজ গড়ে তোলা—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা’ শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য এ আহ্বান জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) এই আয়োজনে সহযোগিতা প্রদান করে।

প্রযুক্তিগত জ্ঞানের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য তাঁর বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি আরও সহযোগিতামূলক আচরণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বর্তমান যুগে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আগামী ১৫ বছর পর পৃথিবী কোথায় যাবে, সেই ভাবে লেখাপড়া করে নিজেকে তৈরি করতে হবে। নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না, আপনারা যোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতা করে এখানে এসেছেন। আপনাদের সুযোগ সুবিধা বাড়াতে আমরা চেষ্টা করছি, আগামীতে যেসব স্থাপনা হবে সেখানে যেন র‍্যাম্প থাকে আমরা তা করবো। তিনি প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান।

ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) এর উদ্যােগের জন্য প্রশংসা করে উপাচার্য বলেন, আমরা চাই শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিসরে সহযোগিতা করতে, কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তাই আপনারা সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যেন তারা বিশ্ববিদ্যালয় ও সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দেশের মূল স্রোতে অবদান রাখতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট হোয়াইট ক্যান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) এর সভাপতি এস.এম. ফেরদৌস আলম। ডিসকোর সভাপতি আরাফাতুল ইসলামের সভাপতিত্বে এবং সুরত আলম ও ইসরাত জাহান নিশার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা। এতে আরও উপস্থিত ছিলেন চবি মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদাসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে, সকালে চবি শহীদ মিনার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন

Advertisement