শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হচ্ছেন ওয়াদুদ ভূইয়া!

556

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এমন সময় গুঞ্জন রটেছে- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

Advertisement

বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। শ্রম খাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব ওয়াদুদ ভূইয়াকে দিতে পারেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়া (ধানের শীষ) ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তিনি ৮২ হাজার ৭২ এ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫, জামায়াতের প্রার্থী মো. এয়াকুব আলী ৫৮ হাজার ৫৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (সদ্য বহিস্কৃত বিএনপি নেতা) সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট।

উইকিপিডিয়া বলছে, খাগড়াছড়ি জেলার সন্তান ওয়াদুদ ভূইয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস পাশ করেছেন।

১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের রামগড় রাজনৈতিক জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াদুদ ভূইয়া। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক এবং সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি রামগড় রাজনৈতিক জেলা যুবদলের সভাপতি হন। এরপর খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০০৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন। ২০১৬ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়াদুদ ভুঁইয়া। এছাড়াও মন্ত্রী পদমর্যদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় ওয়াদুদ ভূইয়া বলেন- ‘আজকের এই বিজয় খাগড়াছড়ির জনগণের। জনগণের ভালোবাসা ও সমর্থনেই এই অর্জন সম্ভব হয়েছে।’

তিনি বলেন, তারেক রহমানের আহবানে বিএনপি জনগণের ভোটে জয়ী হয়েছে। তাই প্রথমেই আমি সাধারণ জনগণকে গুরুত্ব দিব এবং তাদের সুখ দুঃখে পাশে থাকবো।

এসময় তিনি বলেছেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন করবেন। পাশাপাশি খাগড়াছড়ি আসনে পাহাড়ি-বাঙালির সহাবস্থান বজায় রাখতে পাহাড়ের উন্নয়নে কাজ করবেন এবং খাগড়াছড়িকে একটি আধুনিক ও পর্যটন নগরীতে পরিণত করবেন।

Advertisement