চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন : অর্থমন্ত্রী

124

নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। শিগগিরই চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম শুরু হবে।

Advertisement

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি এলাকা চট্টগ্রামে এসে এসব কথা বলেন আমীর খসরু। ঢাকা থেকে ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে বিপুল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে আমাদের অগ্রাধিকার থাকবে কর্মসংস্থান সৃষ্টিতে। চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানো—এই দুই বিষয়কে সামনে রেখেই আমরা এগোবো।

চট্টগ্রামকে প্রকৃত অর্থেই বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী আরও বলেন, বন্দর আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিক ও সক্ষম করতে হবে। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করাই আমাদের লক্ষ্য।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম সফরেই চট্টগ্রামকে ঘিরে বড়ো প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

Advertisement