চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তেপান্তর সাহিত্য সভার আয়োজনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২:৩০টায় চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ‘মানবসভ্যতায় রমাদান: সাহিত্য, শিল্প ও সংস্কৃতির বিনির্মাণ’ শীর্ষক সেমিনার ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, সাহিত্য বলতে আমরা গল্প, কবিতা, প্রভৃতি বুঝি। সাহিত্যের সংজ্ঞার বিনির্মাণ জরুরি। পৃথিবীতে আল কুরআনের বাইরে উৎকর্ষ সাহিত্য নেই—এটাই একমাত্র উৎকর্ষ সাহিত্য। মানবজীবনের পূর্ণাঙ্গ নির্দেশনা এতে একত্রিত হয়েছে। সংস্কৃতি ও সভ্যতার মৌলিক ভিত্তি এখানে বর্ণিত। জ্ঞান ও বিজ্ঞানের নানা দিক এতে আলোচিত। রাষ্ট্র পরিচালনার নীতি ও ন্যায়ের দিশা দেওয়া হয়েছে। ভাষা ও বক্তব্যে এর মহিমা অতুলনীয়। সর্বোচ্চ সাহিত্যিক গভীরতা এখানেই পাওয়া যায়। তাই এর প্রতি গুরুত্ব ও মনোযোগ দেওয়া জরুরি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, অনুবাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ। তিনি বলেন, সাংস্কৃতিক আন্দোলন, এটা খুবই কঠিন জিনিস। এই রাস্তায় গেলে মানুষ ভেসে যায়। এই রমজান থেকে আমরা যে ধরনের গুণগুলো শিখব, সেগুলো দিয়েই আমাদের জীবনে একটি বাঙালি মুসলিম সংস্কৃতির ঐক্য গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. মো: এনায়েত উল্লা পাটওয়ারী। ‘মানবসভ্যতায় রমাদান : সাহিত্য, শিল্প ও সংস্কৃতির বিনির্মাণ’ – শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবুল বাশার। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তাকিত মল্লিক। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরিন আকতার, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, চাকসুর ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, শামসুন্নাহার মিতুল, চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং চবি আবৃত্তি সংসদের সভাপতি আদিল হাসান প্রমূখ।
সেমিনারে রমাদানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের রমাদান শুভেচ্ছা কার্ড ও ইফতার প্রদান করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মো. আব্দুল মোমিন এবং সঞ্চালনা করেন তেপান্তরের সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।

















