চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য ও চবি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) ভোর ৩.৪০ ঘটিকায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রথিতযশা এ শিক্ষাবিদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ বরেণ্য শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ শিক্ষকের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।
শোক বার্তায় আরও বলা হয়, প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ ছিলেন দেশের অন্যতম গুণী একজন শিক্ষক। তিনি দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। মেধাবী এ শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এ বরেণ্য শিক্ষক-গবেষক এই বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বরেণ্য এ শিক্ষাবিদ তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে মোঃ ইফতেখার আরিফ চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।














